বিনোদন ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, সময়ের সঙ্গে ঈদের আয়োজন যত বড় হয়েছে, ততই কমে গেছে সেই আনন্দ। শৈশবের ঈদের সঙ্গে আজকের ঈদের কোনো তুলনাই হয় না বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক আলাপচারিতায় ঈদ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে জয়া বলেন, “ছোটবেলায় ঈদ ছিল বছরের সবচেয়ে বড় উৎসব। রোজার ঈদ শেষ হতে না হতেই শুরু হয়ে যেত কোরবানির ঈদের অপেক্ষা। মনে হতো, প্রতি মাসে যদি ঈদ হতো!”
জয়ার স্মৃতিতে এখনও উজ্জ্বল হয়ে আছে কোরবানির ঈদের আগের দিনগুলো। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে দল বেঁধে বিভিন্ন বাড়িতে গরু দেখতে যাওয়া, কোন গরুটা বড়, কোনটার রং কেমন—এসব নিয়ে শিশুদের মধ্যে চলত অসম্ভব উৎসাহ। নতুন জামা, ভালো খাবারের পাশাপাশি আত্মীয়স্বজনের বাড়ি ঘোরা, একসঙ্গে খাওয়া-দাওয়া ও গল্প করার মধ্যেই ছিল ঈদের আসল মজা।
তিনি বলেন, “তখন ঈদ মানে ছিল শুধু উৎসবের আনন্দ নয়, পুরো পরিবেশটাই থাকত আবেগে ভরা। সবাই মিলে একসঙ্গে থাকা, হাসি-আনন্দ ভাগাভাগি করা—এটাই ছিল প্রকৃত ঈদ।”
জয়া আহসান আক্ষেপ করে বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া আর নগরজীবনের ব্যস্ততায় ঈদের সেই আন্তরিকতা ও আবেগ অনেকটাই হারিয়ে গেছে।
“ঈদের আসল আনন্দটা আসলে ছোটবেলাতেই ছিল,” বলেন জয়া।
তার এই কথায় অনেকেরই মনের কথা প্রতিফলিত হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের রূপ বদলালেও, শৈশবের সেই সোনালি দিনগুলোর স্মৃতি এখনও হৃদয়ের গভীরে অটুট হয়ে থাকে।

