সুরমা টাইমস ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
শনিবার বাদ জোহর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বক্তব্য দেন। তারা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তার আদর্শ বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই ঐক্যের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।
কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দরগাহ মসজিদে আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে শিরনী বিতরণ করা হয়।

