সুরমা টাইমস ডেস্কঃ রোমাঞ্চ, উত্তেজনা আর হৃদয়ভাঙা এক ফাইনাল। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই আর্সেনালকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নেয় প্যারিস সেইন্ট জার্মেই।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের স্বপ্নময়। ষষ্ঠ মিনিটেই লিয়ান্দ্রো ট্রোসার্ডের পাস থেকে কাই হাভার্টজের নিখুঁত শটে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। এরপর প্রথমার্ধজুড়ে গ্যাব্রিয়েল মাগালায়েস ও উইলিয়াম সালিবার দৃঢ় রক্ষণে পিএসজির আক্রমণ একের পর এক ব্যর্থ হয়।
তবে বিরতির পর পুরো চিত্র পাল্টে যায়। বল দখলে আধিপত্য বিস্তার করে পিএসজি ক্রমাগত চাপ বাড়াতে থাকে। ৬৫তম মিনিটে ডি-বক্সে ফাউলের সুযোগ পেয়ে পেনাল্টি আদায় করে ফরাসি ক্লাবটি। উসমান দেম্বেলে স্পটকিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।
এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই আর্সেনালের একটি শট মিস হলেও গোলরক্ষক দাভিদ রায়া দারুণ সেভ করে আশা জাগান।
কিন্তু শেষ মুহূর্তে এসে ভেঙে পড়ে আর্সেনালের স্বপ্ন। দলের পঞ্চম শট নিতে এসে গ্যাব্রিয়েল মাগালায়েস বল পাঠান পোস্টের উপর দিয়ে। তাতেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।
এই জয়ে ১৯৯২ সালের পর রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব অর্জন করল প্যারিস সেইন্ট জার্মেই। অন্যদিকে ২০ বছর পর ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না আর্সেনালের।

