অবরুদ্ধ হরমুজেও থামেনি ভারত, ‘গোপন সমন্বয়ে’ একের পর এক জাহাজ পার

অবরুদ্ধ হরমুজেও থামেনি ভারত, ‘গোপন সমন্বয়ে’ একের পর এক জাহাজ পার - Surma Times | Sylhet News

অবরুদ্ধ হরমুজেও থামেনি ভারতসুরমা টাইমস ডেস্কঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর সংঘাতের মধ্যে কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি। তবুও এই অনিশ্চয়তার মাঝেই ‘নীরব কৌশলে’ জাহাজ চলাচল সচল রেখেছে ভারত, যা এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের পর থেকে এখানে নৌচলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে জ্বালানির দাম এবং তৈরি হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক চাপ। তবে এই সংকটের মধ্যেও ভারত-সংশ্লিষ্ট একাধিক জাহাজ নিয়মিতভাবে হরমুজ অতিক্রম করছে।

বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগত নিয়ন্ত্রণে থাকা এই রুটে নিরাপদে জাহাজ চালানো সহজ নয়। তারপরও ভারতের এই সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে পর্দার আড়ালে শক্তিশালী কূটনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার কারণে পুরো প্রক্রিয়া প্রকাশ করা সম্ভব নয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানের সঙ্গে সমন্বয় করেই জাহাজ চলাচল নিশ্চিত করা হচ্ছে। এ ক্ষেত্রে পেট্রোলিয়াম, গ্যাস ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও যুক্ত রয়েছে।

বর্তমানে হরমুজ ও আশপাশে অন্তত ১৩টি ভারতীয় পতাকাবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে তেলবাহী ট্যাংকার, এলপিজি জাহাজ, কনটেইনার ও বাল্ক ক্যারিয়ার। গত কয়েক মাসে শিবালিক, নন্দা দেবী, পাইন গ্যাসসহ বেশ কয়েকটি জাহাজ এই ঝুঁকিপূর্ণ রুট সফলভাবে অতিক্রম করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভারত তার জ্বালানি সরবরাহ চেইন সচল রাখতে সক্ষম হওয়ায় বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা এড়াতে পেরেছে। একই সঙ্গে এটি আঞ্চলিক ভূরাজনীতিতেও ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article