বড় পরিকল্পনা জানালেন মন্ত্রী আরিফুল: জৈন্তাপুরে পৌরসভা, রাজবাড়ি হবে যাদুঘর

বড় পরিকল্পনা জানালেন মন্ত্রী আরিফুল: জৈন্তাপুরে পৌরসভা, রাজবাড়ি হবে যাদুঘর - Surma Times | Sylhet News

সুরমা টাইমস ডেস্কঃ আরিফুল হক চৌধুরীসিলেটের জৈন্তাপুরকে ঘিরে বড় উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, উপজেলা সদরের ঐতিহ্যবাহী রাজবাড়িকে যাদুঘরে রূপান্তর করা হবে এবং জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী অর্থবছরেই রাজবাড়িকে সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে একটি আকর্ষণীয় যাদুঘরে রূপ দেওয়া হবে, যা স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরবে।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে পর্যটনের সম্ভাবনাময় এলাকা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলকে পর্যটন হাবে রূপ দিতে শিগগিরই একটি আধুনিক পর্যটন সার্ভিস সেন্টার চালু করা হবে। এতে দেশি-বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করা হবে।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের দিকে নজর দিয়ে মন্ত্রী বলেন, তাদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, যাতে তারা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারে। একই সঙ্গে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বিদেশগামী কর্মীদের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, সঠিক প্রশিক্ষণ ও তথ্যের অভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এই সমস্যা সমাধানে বিদেশগামীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কম খরচে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো যায়।

সভায় তিনি উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদক নির্মূলে প্রশাসন ও পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুরের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাবনাগুলো সরেজমিনে দেখেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article