সুরমা টাইমস ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই যতই তীব্র হোক, পারস্পরিক সম্মানের জায়গাটা এখনো অটুট। এবার সেই উদাহরণই দিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে উল্লেখ করেছেন। ভিনিসিয়ুসের মতে, ধারাবাহিক পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার দিক থেকে অন্য দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
লিওনেল স্কালোনির অধীনে গড়ে ওঠা দলটিকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই আর্জেন্টিনা দল জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। একই সঙ্গে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, ৩৮ বছর বয়সেও মেসি এমন একজন খেলোয়াড়, যিনি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার সৃজনশীলতা এবং অনিশ্চয়তা তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে।
তবে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি এই ব্রাজিলিয়ান তারকা। ২০০২ সালের পর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল রয়েছে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

