
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগরের বালুচর এলাকায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহীম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আটক আব্দুর রহীম (৫৪) বালুচর মেইন রোড এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি তার সৎ মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
সূত্র জানায়, বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে প্রতিবারই অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন। মঙ্গলবার আবারও নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম। তিনি জানান, অভিযুক্তকে শাহপরাণ (রহ.) থানায় রাখা হয়েছে। ভিকটিম ও অভিযুক্ত দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর কয়েকদিন আগেই সিলেটের জৈন্তাপুরে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। টানা এমন ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বাড়ছে।
