‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ শ্লোগানে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সিলেটের এনজেএল ইএনটি সেন্টার সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি ও বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে। সোমবার (২৫ মে) বিকেলে নগরীর কাজলশাহস্থ সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডা. নাঈম বলেন, বর্তমানে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। তিনি আশার বাণী শুনিয়ে বলেন, সঠিক চিকিৎসায় থাইরয়েড ক্যান্সার শতভাগ সুস্থ হয়ে যায়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি।
ডা. নাঈম আরও বলেন, থাইরয়েড গ্রন্থিটি ছোট হলেও এটি শরীরের গতি নিয়ন্ত্রক। এটি শক্তি, তাপমাত্রা, হার্টবিট এবং মানসিক ও শারীরিক গঠন নিয়ন্ত্রণ করে। বিশেষ করে নারীদের গর্ভাবস্থা ও বয়ঃসন্ধিকালে থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলেই এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং ইউএসএ-এর এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরামর্শদাতা রিফাত আরা রিফা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপিকা অর্পণা সেন রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. শাফিন, হেপি তানজুম, আসমা বেগম, ঝর্না সাথী, সাবিলা কান্তা, অর্পিতা দাশ, শাহিনা চৌধুরী, ঋতা দেব, মাহফুজা বেগম, রুনা বেগম, মাসুদা সিদ্দিকা রুহিসহ স্থানীয় নারী উদ্যোক্তা ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা থাইরয়েড রোগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে থাইরয়েড রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ প্রতিরোধের ওপর বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞপ্তি

