পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির কমদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম বৃহস্পতিবার শেষ হচ্ছে। শেষ দিনে সিলেট নগরীর ১০টি পয়েন্টে নির্ধারিত দামে চাল, আটা, ডাল, তেল ও চিনি কিনতে পারবেন ক্রেতারা।
টানা ১০ দিন, শুক্রবার ছাড়া, নগরীর প্রতিটি পয়েন্টে প্রতিদিন ৪০০ জন করে ক্রেতার কাছে এসব পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে দৈনিক প্রায় ৪ হাজার মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গেছে।
বাজারদরের তুলনায় টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের খরচ হচ্ছে তুলনামূলক অনেক কম। বাজারে যেখানে এসব পণ্য কিনতে প্রায় ১২০০ টাকা লাগতে পারে, সেখানে টিসিবি ৭০০ টাকায় দিচ্ছে ৫ কেজি চাল বা আটা, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি।
বৃহস্পতিবার শেষ দিনে সিলেটে টিসিবির পণ্য পাওয়া যাবে ১৫ নম্বর ওয়ার্ডের যতরপুর, ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর, ২৪ নম্বর ওয়ার্ডের কুশিঘাট, ২২ নম্বর ওয়ার্ডের উপশহর, ১৯ নম্বর ওয়ার্ডের মিরাবাজার, ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদেখী, ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাট, ৫ নম্বর ওয়ার্ডের বড়বাজার, ১৭ নম্বর ওয়ার্ডের কাজীটুলা এবং ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে।
এদিকে সুবিধাভোগীরা বলছেন, শুধু ঈদ বা বিশেষ উপলক্ষে নয়, সারা বছর এ ধরনের কার্যক্রম চালু থাকলে দরিদ্র মানুষের ভোগান্তি আরও কমে আসবে।



