অপহরণের ছয় দিন পর জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মে রাতে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবার তখন থেকেই অপহরণের আশঙ্কা করছিল।
ঘটনাটি নিয়ে ইন্দরের ভাই জতিন্দর সিং থানায় অভিযোগ দায়ের করেন।
পরিবারের অভিযোগ, সুখবিন্দর সিং ওরফে সুখা দীর্ঘদিন ধরে ইন্দরকে বিয়ে করতে চাপ দিচ্ছিলেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ইন্দর ও সুখবিন্দরের পরিচয় হয়, পরে তা বন্ধুত্বে রূপ নেয়।
তবে পরে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর আগেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
পরিবারের দাবি, প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই সুখবিন্দর নানাভাবে ইন্দরকে হুমকি দিতে শুরু করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অভিযুক্ত ব্যক্তি কানাডা থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, ইন্দরকে হত্যার উদ্দেশ্যেই তিনি পাঞ্জাবে ফিরে আসেন।
পুলিশের ধারণা, ১৩ মে রাতে ইন্দরকে অপহরণ করা হয়, পরে হত্যা করে তাঁর মরদেহ খালে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর অভিযুক্ত একই পথ ধরে কানাডায় পালিয়ে যান বলেও সন্দেহ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে লুধিয়ানার নীলো খাল থেকে ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
গায়িকা হওয়ার পাশাপাশি ইন্দর কৌর মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে নেটদুনিয়ায় অনেকে বিচার দাবি করেছেন।
পাঞ্জাব পুলিশ মামলাটি তদন্ত করছে। অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে একাধিক ধারায় মামলা হয়েছে।



