সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংকে আরও নান্দনিক ও পর্যটকবান্ধব করে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পর্যটকদের জন্য পরিবেশকে আরও সুন্দর, স্বস্তিদায়ক ও আকর্ষণীয় করতে বিডিআর ক্যাম্পের সিঁড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট, বসার বেঞ্চ, গাছঘেরা বৃত্তাকার বসার স্থান এবং একটি আকর্ষণীয় ফটো গ্যালারি।
রোববার বিকেলে (১৭ মে) এসব সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার শাহিদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক জাফলং ভ্রমণে আসেন। তাদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, আরামদায়ক ও নান্দনিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসনের ধারণা, নতুন গেট ও ফটো গ্যালারি বিশেষভাবে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে।
উদ্বোধনকালে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াবে এবং জাফলংয়ের সামগ্রিক পরিবেশকে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলবে।



