সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ - Surma Times | Sylhet News

torunসুরমা টাইমস ডেস্ক: একদিনের মাথায় সিলেট সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত। দেশটির খাসিয়া সম্প্রদায়ের একজনের গুলিতে সিলেটি এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলি গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটলিয়ানের দমদমিয়া বিওপি’র সুবেদার মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়- সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article