ঢাকা ক্রিকেট লীগে নিষিদ্ধ হলেন ৮ ক্রিকেটার

ঢাকা ক্রিকেট লীগে নিষিদ্ধ হলেন ৮ ক্রিকেটার - Surma Times | Sylhet News

images 1 2সুরমা টাইমস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ ক্লাব কর্মকর্তাকে ১ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।  ২০২৪-২৫ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে আচরণবিধি ভঙ্গের জন্য তাদেরকে এই সাজা দেওয়া হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয় এই ৯ জনকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে সামনে আরো কঠোর হওয়ার কথা বলেছেন।

শুক্রবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধির ‘গুরুতর’ লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলো। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গত সোমবার পিকেএসএফ ১ নম্বর মাঠে সুপার লীগের ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি এই শাস্তির সুপারিশ করে। সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির কর্মকর্তা রবিন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।’  বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন তারা। লেভেল-৪ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article