সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি - Surma Times | Sylhet News

yeha

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থীকে রেখে নৌকার পক্ষে ভোট চাওয়ায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

গতকাল রোববার (৪ঠা জুন) জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানান মহানগর জাপার সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে ইতোপূর্বে ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সাময়িকভাবে ইয়াহইয়ার অব্যাহতির আদেশ অনুমোদন করেছেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

 

উল্লেখ্য, গত ১২ই মে রাত ৯টায় নগরীর ঝেরঝেরিপাড়ায় এক সভায় নৌকার প্রার্থীর পক্ষে মঞ্চে বক্তব্য দেন এবং ভোট প্রার্থনা করেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী।

 

সিসিক নির্বাচনে লাঙল প্রতীকের মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল থাকা সত্ত্বেও তার বিপক্ষে গিয়ে ভোট চাওয়ার ঘটনায় সিলেটে সমালোচনার জন্ম দেন ইয়াহইয়া চৌধুরী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article