
সিলেট, ২৯ আগস্ট: দুই দিনব্যাপী আশিয়ান গ্রুপ-সিলেট উশু চ্যাম্পিয়নশিপ ২০২৬ শনিবার রাতে শেষ হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সব ধরনের প্রতিহিংসা ও বিশৃঙ্খলা দূরে সরিয়ে খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুণগত মান নিশ্চিত করাই লক্ষ্য। তিনি আরও বলেন, দেশজুড়ে জেলায় জেলায় উশু চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। আগামী প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশকে পূর্ণাঙ্গ ক্রীড়াবান্ধব দেশ হিসেবে গড়ে তোলা হবে।
উশু চর্চা ও সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে অলিম্পিকের মতো বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আসরে বড় সাফল্য ও গৌরব আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে এবং বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। যৌথ উপস্থাপনায় ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গেমস আয়োজক কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি মো. বদরুজ্জামান সেলিম, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, উপসচিব মাহবুব মোরশেদ সোহেল, একান্ত সচিব মো. কবির খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শহিদুল হক ভূইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু, যুগ্ম সম্পাদক মো. এ কে এম শহিদুল আলম মনির, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেলসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মো. সুহাইল আহমদ। বিভিন্ন জেলা থেকে আগত জাজ, কোচ, খেলোয়াড় ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
দেশের ক্রীড়াঙ্গনে উশুর প্রসার এবং তরুণদের সুস্থ জীবনযাপনে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব আরও একবার প্রমাণিত হলো।





