সিলেট, ২৭ আগস্ট: সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন এলাকার সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য এসএমপির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমসিসিআইয়ের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার সব সম্মানিত ব্যবসায়ীকে সরকারের বিধিবিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এসএমসিসিআইয়ের সভাপতি খায়রুল হোসেন।





