ঢাকা-সিলেট মহাসড়কে ফের প্রাণহানি, মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে ফের প্রাণহানি, মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ - Surma Times | Sylhet News

ঢাকা-সিলেট মহাসড়কে ফের প্রাণহানি, মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ৯ আগস্ট: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই একই মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার প্রচেষ্টায় বিকেল তিনটার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) এবং সিএনজির যাত্রী মাধবপুর পৌর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০) ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি সিএনজির ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোও জব্দ করা হয়েছে।

একই মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা নতুন করে সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। এরই মধ্যে ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার পর মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে আরও দুইজনের প্রাণহানি ঘটল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article