ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জুলাই: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানাধীন দড়িকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দড়িকান্দি এলাকার একটি বালুর ঢিবির পাশে এ উদ্ধার অভিযান চালানো হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বাঞ্ছারামপুর থানায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই এলাকায় অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে বালুর ঢিবির পাশের একটি গর্ত থেকে নীল রঙের শপিং ব্যাগের ভেতরে খাকি কাপড় দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




