ঢাকা, ৪ জুলাই: জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী বাংলাদেশি বংশোদ্ভূত সোনিয়া আফরোজ খান আগামী ৪ জুলাই ডেনমার্কের কোপেনহেগেন থেকে বাংলাদেশে আসছেন।
ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভোর ৪টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রায় ২৮ দিন অবস্থানকালে সোনিয়া আফরোজ খান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের সঙ্গেও তিনি দেখা করবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে জাতিসংঘে পেশ করবেন।




