স্টাফ রিপোর্টার: দেশের জ্বালানি খাত সচল রাখতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়েছে।
শনিবার দুপুরে নগরীর মেন্দিবাগ এলাকার ছালিম ম্যানশনে গ্রুপের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী চন্দন সাহা।
সভায় সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে গত বছরের কার্যক্রম তুলে ধরা হয়।
অর্থ সম্পাদক মো. জাকারিয়া ইমতিয়াজ জাকির ২০২৪-২৫ অর্থবছরের অডিট রিপোর্ট এবং ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সদস্যদের আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য হুদা হোসাইন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে অডিটর নিয়োগ এবং ২৫ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়।
সভায় বক্তারা বলেন, কয়লা আমদানিতে বিদ্যমান প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। একই সঙ্গে স্থায়ী অফিস স্থাপন, ব্যবসা সম্প্রসারণ এবং বকেয়া এলসি বিল দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।
সভার শেষে প্রয়াত সাবেক সহসভাপতি প্রজেশ লাল দাসের স্মরণে নীরবতা পালন এবং অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।





