সিম কোম্পানীগুলোর কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সোচ্চার সিলেটবাসী

সিম কোম্পানীগুলোর কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সোচ্চার সিলেটবাসী - Surma Times | Sylhet News

গ্রাহকদের জিম্মি করে কোটি কোটি টাকা লুটছে! ৩৫০ এমপির কাছে স্মারকলিপি দেবে সিলেটের সংগঠনগুলো

সিম কোম্পানীগুলোর কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সোচ্চার সিলেটবাসী - Surma Times | Sylhet Newsসিলেট: মোবাইল সিম কোম্পানিগুলোর মেয়াদ শেষের অজুহাতে গ্রাহকদের জিম্মি করে কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সোচ্চার হয়েছে সিলেটের অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। আগামী ১৪ জুন রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে দেশের ৩৫০ সংসদ সদস্য বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় সিলেট কল্যাণ সংস্থা (সিকস)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা ও ঈদ-উল-আযহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় যুব নেতৃত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে ধর্মীয় উৎসবের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে। কিন্তু বাংলাদেশে ঠিক উল্টো চিত্র। ঈদের সময়ও দ্রব্যমূল্য আকাশছোঁয়া হয়ে যায়। সিন্ডিকেটবাজরা দেশকে জিম্মি করে রেখেছে। কোরবানির ঈদের ত্যাগের মহিমা তাদের কাছে অর্থহীন। বক্তারা আরও জানান, সিম কোম্পানিগুলোর এই অনিয়মের বিরুদ্ধে আজ না হয় কাল প্রায় ১২ কোটি গ্রাহক রাজপথে নামতে বাধ্য হবে।

মোহাম্মদ এহছানুল তাহেরের সভাপতিত্বে এবং মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিকস-এর সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন হক সুপার মার্কেটের ব্যবসায়ী মাছুম আহমদ, সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, মোঃ আব্দুস শহীদ খানসহ আরও অনেকে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ২১তম সাপ্তাহিক সভা এবং ১২ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোহাম্মদ এহছানুল তাহের বলেন, গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সংগঠনগুলোর নেতারা মনে করেন, সাধারণ মানুষের কষ্টের বিষয়গুলো সংসদে তুলে ধরতে এই স্মারকলিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article