সুরমা টাইমস ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং দুর্ঘটনাকবলিত বাসের চালকসহ জড়িতদের খুঁজছে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।





