ঈদের ছুটিতে বাড়ি ফেরা, নদীতে গোসলেই দুই বন্ধুর করুণ মৃত্যু

সুরমা টাইমস ডেস্কঃরংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামের অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬)। তারা সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুজনই ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিন আগে বাড়িতে ফিরেছিলেন। শুক্রবার সকালে গ্রামের অন্যান্য বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে দুপুরের দিকে গভীর পানিতে তলিয়ে যান তারা।

সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অল্প বয়সেই পরিবারের দায়িত্ব নিতে ঢাকায় পাড়ি দেওয়া দুই বন্ধুর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share This Article