‘শুটার’ রুবেল তিন দিনের রিমান্ডে

‘শুটার’ রুবেল তিন দিনের রিমান্ডে - Surma Times | Sylhet News

20250324213916 910454

সুরমা টাইমস ডেস্ক :

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সন্ত্রাসী ‘শুটার’ জহিরুল হক রুবেলকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গত সোমবার (২৪শে মার্চ) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, যুবলীগ কর্মী রুবেল গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর তাকে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি রুবেল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক বলেন, সাকিব আনজুম হত্যা মামলাটি তদন্ত করছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ইব্রাহিম খলিল। তিনি আসামি রুবেলের তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে ৫ আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহতের ঘটনায় দায়ের করা মামলাসহ বেশ কয়েকটি মামলায় শুটার রুবেলকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article